সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

প্রকাশ:

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, তারা চেয়েছিলেন সাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হোক, কিন্তু তা করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, সাহাবুদ্দিন চুপ্পু একজন ফ্যাসিবাদের দোসর ও ফ্যাসিস্ট। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের বিচার পূর্ণাঙ্গ করতে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

পদত্যাগপত্রের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যেসব ন্যারেটিভ বা অজুহাত দেখিয়েছেন, তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি মূলত নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরির চেষ্টা করছেন। তবে তাকে কোনোভাবেই নিরাপদ প্রস্থান দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

আখতার হোসেন আরও বলেন, এতদিন রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু পদত্যাগ করার পর তার দায়মুক্তির আর কোনো সুযোগ নেই। তাই অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন