মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তাকে সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
আন্দোলনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকারের অবস্থান অপরিবর্তিত। সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পদত্যাগ গ্রহণ করা হয়তো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু জনগণ তাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালন করা এবং সমস্যার সমাধান করাই তাদের মূল লক্ষ্য।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করলেও, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর কার্যক্রমে থাকা ত্রুটি ও দুর্বলতাগুলো দূর করার বিষয়ে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, এনটিএ-এর বিভিন্ন সমস্যা ও ত্রুটি চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হচ্ছে এবং এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলেও সরকার দাবি করেছে। সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।





