শতবর্ষের পুরোনো দুটি জটিল গাণিতিক সমস্যার নিখুঁত সমাধান খুঁজে বের করে প্রথমবারের মতো গণিত শাস্ত্রের বিশ্বসেরা সম্মাননা ‘ফিল্ডস মেডেল’ অর্জন করেছেন দুই চীনা শিক্ষাবিদ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কানাডার জ্যাকন জিমারম্যান এবং যুক্তরাষ্ট্রের জন পারডনের সাথে যৌথভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন চীনা গণিতবিদ হং ওয়াং ও ইউ ডেং।
পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে ১৫,০০০ কানাডিয়ান ডলার, যা প্রায় ১০,৫০০ মার্কিন ডলার বা ৮,০০০ পাউন্ডের সমতুল্য, প্রদান করা হয়েছে। বিগত এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে গণিতবিদদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে গাণিতিক সমস্যাগুলো, সেগুলোর সমাধান করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
বিজয়ী হং ওয়াং-এর বয়স বর্তমানে ৩৫ বছর। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করছেন এবং এই অর্জনের মাধ্যমে বিশ্বের তৃতীয় নারী গণিতবিদ হিসেবে নিজের নাম লিখিয়েছেন। অন্যদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সী গণিতের অধ্যাপক ইউ ডেং-কে শতাব্দীর পুরনো আরেকটি সমস্যার সমাধানের জন্য এই পদকে ভূষিত করা হয়েছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের হিসাব-নিকাশের সক্ষমতা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক এমন সময়েই গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই ‘ফিল্ডস মেডেল’ প্রদান করা হলো।
গণিত জগতের নোবেল হিসেবে পরিচিত এই অর্জনটি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। উইবো ও রেডনোট-এর মতো প্ল্যাটফর্মে ‘ফিল্ডস মেডেল’ এবং ‘ফিল্ডস মেডেল জয়ী প্রথম চীনা গণিতবিদ’ হ্যাশট্যাগগুলো কোটি কোটি দর্শক পেয়েছে। সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা একে চীনা জনগণের জন্য গর্বের মুহূর্ত ও নতুন ইতিহাস হিসেবে অভিহিত করছেন। চীনা সংবাদমাধ্যমগুলোও এই দুই শিক্ষাবিদের শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের জন্য এই সাফল্যের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরছে।





