ইরানে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের ১৩তম দিনে নতুন করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এবার মধ্যপ্রাচ্যের বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সেনাদের আবাসস্থল লক্ষ্য করে আঘাত হেনেছে। একইসঙ্গে জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটির হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করেছে। সেন্টকমের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আইআরজিসি’র হুমকি হ্রাস করা।
এদিকে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপ ও খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, খুজেস্তানের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।





