বাংলাদেশসহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন

প্রকাশ:

বাংলাদেশসহ বিশ্বের মোট ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন কর্তৃক জারি করা এই নতুন শুল্কের হার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মূলত জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ায় নতুন এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই শুল্কের ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশই এই নতুন শুল্কের আওতাভুক্ত হবে। তবে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্যের মতো অসংখ্য পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে দিয়েছিল, যা বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর ট্রাম্প প্রশাসন ১৫০ দিনের জন্য অস্থায়ী ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। সেই সময় থেকেই নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন পণ্যগুলো এই শুল্কের বাইরে থাকবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ মূলত তাদের বৈশ্বিক শুল্ক আরোপ-সংক্রান্ত নির্বাচনী পরিকল্পনা পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন