২৬ দিন পর অনশন ভাঙলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

প্রকাশ:

লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক অবশেষে তার ২৬ দিনের দীর্ঘ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে তিনি এই অনশন ভাঙেন। দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির পক্ষে তিনি এই কঠোর কর্মসূচি পালন করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য সরাসরি অথবা চিঠির মাধ্যমে তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুক জানান, অনশন প্রত্যাহারের শর্তগুলো নিয়ে তিনি শিগগিরই একটি আলাদা ভিডিও প্রকাশ করবেন। সেই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যেন কোথাও কোনো ধরনের সহিংসতা না ছড়ায়।

এদিকে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার বিষয়টি জানার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি সোনম ওয়াংচুকের সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন।

শেয়ার করুন