ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিতে টানা ২৬ দিন ধরে চলা অনশন শেষ করেছেন সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাসের ভিত্তিতে তিনি এই অনশন ভাঙেন। অনশন ভাঙানোর সময় কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং সেখানে উপস্থিত ছিলেন এবং ওয়াংচুকের হাতে পানীয় তুলে দেন। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি আংমোও পাশে ছিলেন।
অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা মাথায় রেখে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। তবে কোন কোন শর্তে তিনি অনশন ভেঙেছেন, তা বিস্তারিতভাবে পরে ভিডিও বার্তায় জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার এবং কোনো ধরনের সহিংসতায় জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত তার আগের স্বাস্থ্য ও ওজন ফিরে পান। এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক এই পদক্ষেপকে স্বাগত জানালেও স্পষ্ট করে দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মেদান্তা হাসপাতালের ভিডিওতে দেখা যায়, অনশন ভাঙার সময় মন্ত্রী জে.পি. নাড্ডা সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন। এর মধ্যে রয়েছে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এবং ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান। এছাড়া সংসদে আলোচনার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষাব্যবস্থার সংস্কারের সমাধান খোঁজার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদি শিক্ষা সচিবকে অপসারণ, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। গত ২৮ জুন যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সঙ্গে সোনম ওয়াংচুক এই অনশন কর্মসূচি শুরু করেছিলেন।





