আসন্ন এশিয়ান গেমস নারী ফুটবলে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ড্রয়ে বাংলাদেশ দল ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে। এই গ্রুপে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার।
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসের এই আসর শুরু হবে। এশিয়ান নারী ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার মাধ্যমে আফঈদা ও মারিয়াদের মতো খেলোয়াড়দের বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের এটি দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে চীনে অনুষ্ঠিত আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে একটি ড্র ও দুটিতে পরাজয় নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
এবারের এশিয়ান গেমস নারী ফুটবলে মোট ১২টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। এছাড়া ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।





