বাংলাদেশ ২.০: ন্যায়, মর্যাদা ও অগ্রগতির এক সমন্বিত রাষ্ট্রদর্শন

প্রকাশ:

বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জাতীয় অভিযাত্রার নীতি হিসেবে ‘তাকাদ্দুমে আম্মাহ’ এমন একটি ধারণা, যেখানে উন্নয়নের মানদণ্ড কেবল মাথাপিছু আয় বা অবকাঠামোর পরিমাণ নয়; বরং শিক্ষার মান, গবেষণার সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন, নৈতিক শাসন, পরিবেশগত ভারসাম্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জ্ঞানগত ও সাংস্কৃতিক অবদানও সমানভাবে বিবেচিত হবে। রাষ্ট্র কেবল সংবিধান, প্রশাসন বা ক্ষমতা-কাঠামোর সমষ্টি নয়, বরং এটি একটি নৈতিক অঙ্গীকার ও সামাজিক চুক্তি। লাল জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন একটি রাষ্ট্রদর্শনের প্রয়োজন, যা ইসলামী নৈতিক চেতনা, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং সমকালীন শাসনচিন্তার মধ্যে সৃজনশীল সেতুবন্ধন তৈরি করবে।

১. তাকরিমে আম্মাহ (সর্বজনীন মানব মর্যাদা): রাষ্ট্রের অস্তিত্বের পয়লা ভিত্তি হলো মানুষের মর্যাদা। রাষ্ট্রের বৈধতা, নৈতিকতা ও জনসমর্থনের উৎস কোনো ভূখণ্ড, প্রতিষ্ঠান বা ক্ষমতা নয়; বরং নাগরিকের অন্তর্নিহিত মর্যাদার প্রতি তার অঙ্গীকার। ইসলাম প্রত্যেক বনি আদমকে সম্মানীয় করেছে। রাষ্ট্রের দায়িত্ব মানুষের সেই মর্যাদার স্বীকৃতি। ২. তা’রিফে আম্মাহ (জাতীয় আত্মপরিচয়): রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব হলো মানুষকে একটি সুস্পষ্ট ও ইতিবাচক জাতীয় আত্মপরিচয়ের সাথে যুক্ত করা। কেবল একটি ভূখণ্ডে বসবাস করলেই জাতি গঠিত হয় না; জাতি গঠিত হয় অভিন্ন ইতিহাস, সম্মিলিত স্মৃতি, সাংস্কৃতিক উত্তরাধিকার, নাগরিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি যৌথ অঙ্গীকারের মাধ্যমে।

৩. তাশমিলে আম্মাহ (সর্বজনীন অন্তর্ভুক্তি): একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হয়, যখন তার প্রতিটি নাগরিক নিজেকে রাষ্ট্রের সমান অংশীদার হিসেবে অনুভব করে। রাষ্ট্রের দায়িত্ব হলো এটি নিশ্চিত করা যে, কোনো ব্যক্তি, অঞ্চল বা সামাজিক গোষ্ঠী রাষ্ট্রের সুরক্ষা, সেবা, উন্নয়ন কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বঞ্চিত না হয়। ৪. তা’দিলে আম্মাহ (ন্যায় ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য): রাষ্ট্রের প্রধান কর্তব্য ন্যায়প্রতিষ্ঠা। কারণ ন্যায়বিচার ব্যতীত মর্যাদা নিরাপদ থাকে না, পরিচয় বিভক্ত হয়ে পড়ে এবং অন্তর্ভুক্তি কেবল একটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। তা’দিলে আম্মাহ এমন এক রাষ্ট্রদর্শন, যেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান, আইন ও ক্ষমতার কাঠামো ন্যায় ও ভারসাম্য রক্ষা করে।

৫. তা’মিনে আম্মাহ (সর্বজনীন নিরাপত্তা): একটি রাষ্ট্রের সাফল্য পরিমাপের অন্যতম মানদণ্ড হলো- তার নাগরিক কতটা নিরাপদ, আস্থাসম্পন্ন ও ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, যা রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের জীবন, জীবিকা এবং সভ্যতার ধারাবাহিকতা সুরক্ষিত রাখে। ৬. তাকাদ্দুমে আম্মাহ (জনঅগ্রগতি): রাষ্ট্রের সর্বশেষ এবং সর্বোচ্চ লক্ষ্য কেবল বর্তমানকে পরিচালনা করা নয়; বরং ভবিষ্যৎ নির্মাণ করা। তাকাদ্দুমে আম্মাহ সেই রাষ্ট্রদর্শন, যা উন্নয়নকে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা, সংস্কৃতি ও মানবিক উৎকর্ষের সমন্বিত যাত্রা হিসেবে বিবেচনা করে। আখলাক বা নৈতিকতা উন্নয়নের প্রাণ, যা ছাড়া সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হতে পারে না।

শেয়ার করুন