২৪ ঘণ্টার ব্যবধানে মুছে ফেলা হলো ফেরান তোরেসের ম্যুরাল

প্রকাশ:

স্পেনকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া ফুটবলার ফেরান তোরেসের সম্মানে বার্সেলোনায় আঁকা একটি ম্যুরাল উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সরিয়ে ফেলা হয়েছে। বার্সেলোনার গ্রাসিয়া এলাকার জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’ এই দেয়ালচিত্রটি তৈরি করেছিলেন। ম্যুরালটিতে বিশ্বকাপ ট্রফিতে চুম্বনরত তোরেসের ছবির পাশাপাশি ‘মেকিং হিস্ট্রি’ (ইতিহাস সৃষ্টি) লেখা ছিল এবং স্পেনের দুই বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে দুটি তারা ব্যবহার করা হয়েছিল।

উন্মোচনের পরপরই ম্যুরালটি পর্যটক ও ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। তবে দ্রুতই কিছু অজ্ঞাত ব্যক্তি স্প্রে-পেইন্ট ব্যবহার করে ম্যুরালটি বিকৃত করে দেয়। সেখানে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এবং স্পেনবিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা হয়। এর মধ্যে ‘আমরা কাতালান জাতীয় দল চাই’—এমন বার্তাও ছিল। এই ঘটনার পর বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়ালটি কালো রঙে ঢেকে দেয়।

উল্লেখ্য যে, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তোরেসের একমাত্র গোলটিতে ভর করে স্পেন ১-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ম্যুরালটি মুছে ফেলার পর শিল্পী টিভিবয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি আঁকা থামাব না এবং এই ঘটনা দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।

শেয়ার করুন