দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত চালানো হয়। এই তদন্তে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বিবৃতিতে জানানো হয়েছে।

শেয়ার করুন