৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি

প্রকাশ:

আরেকটি নতুন রেকর্ডে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শুক্রবার মিয়ামিতে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে তিনি এই অনন্য কীর্তি অর্জন করেন।

আর্জেন্টিনার জার্সি গায়ে টানা পঞ্চম নকআউট ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি। তার এই গোল করার ধারাবাহিকতা শুরু হয়েছিল গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ থেকে, যেখানে তিনি একটি গোল করেছিলেন। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সবশেষে ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে সেই আসরটি শেষ করেছিলেন মেসি।

ঊনচল্লিশ বছর বয়সী মেসি এই রেকর্ডের মাধ্যমে ১৯৬২ সালে গড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি ভাভার কীর্তিতে ভাগ বসালেন। ইতিহাসের পাতায় এই তালিকায় আরও দুজন ফুটবলার রয়েছেন—ব্রাজিলের লিওনিদাস এবং হাঙ্গেরির জর্জি সারোসি। তারা দুজনেই ১৯৩৪ থেকে ১৯৩৮ সালের মধ্যে এই অনন্য রেকর্ডটি গড়েছিলেন।

রেকর্ড গড়ার পাশাপাশি নিজের অন্য একটি রেকর্ডকেও আরও সমৃদ্ধ করেছেন মেসি। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডটি এখন এককভাবে তার দখলে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন সাবেক এই বার্সেলোনা তারকা। গোল্ডেন বুট জয়ের দৌড়েও তিনি কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে রয়েছেন।

শেয়ার করুন