স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা: নতুন নিয়ম ইসির

প্রকাশ:

স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত কমিশনের ১২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশন মনে করছে, তাদের প্রার্থিতার অযোগ্যতার আওতায় আনা প্রয়োজন। এছাড়া ঋণখেলাপিদের বিষয়ে কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। আখতার আহমেদ জানান, শুধু ঋণগ্রহীতাই নয়, ব্যক্তিগতভাবে জামিনদার হওয়া ব্যক্তিদেরও ঋণখেলাপি হিসেবে গণ্য করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাব রাখা হয়েছে।

তালিকায় আরও যুক্ত হয়েছে সেবা খাতের বিলখেলাপিদের বিষয়টি। বিদ্যুৎ, ভূমি কর ও ওয়াসাসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের বিল যারা পরিশোধ করেননি, তারা নিজেরা বা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিলখেলাপি হলে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হতে পারেন। একই সঙ্গে লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়েও কমিশন নীতিগতভাবে একমত হয়েছে। আইন সংশোধনের এই প্রস্তাবগুলো এখন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

শেয়ার করুন