আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে জানানো হয় যে, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মো: সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।





