স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য

প্রকাশ:

২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখার জন্য মাদ্রিদের রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের। তবে এই আনন্দঘন পরিবেশেই এক বিতর্কিত মন্তব্যের জন্ম হয়।

অনুষ্ঠানে খেলোয়াড়দের একে একে মঞ্চে ডাকার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উপস্থাপক ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ করে একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন-ইয়েরেমি পিনো!’

উপস্থাপকের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সমালোচকদের একটি বড় অংশ এটিকে রোনালদোর প্রতি অপ্রয়োজনীয় উসকানি ও অসম্মানজনক হিসেবে দেখছেন। আবার অনেকের মতে, এটি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে করা নিছক একটি রসিকতা মাত্র।

উল্লেখ্য যে, ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও কখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। অন্যদিকে, ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করেছেন ইয়েরেমি পিনো।

শেয়ার করুন