ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (২১ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে একটি মিছিল নিয়ে যান।
দলীয় সূত্র জানায়, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই বিক্ষোভ কর্মসূচি রাতভর চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভস্থল খালি করে দেয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধী রাস্তার ওপর বসে অবস্থান নিলে অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলেন। তিনি সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোরপূর্বক একটি বাসে তুলে নিয়ে যায়। একই সঙ্গে পুলিশ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্যান্য বিরোধী নেতাদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভ থেকে সরিয়ে নেয়ার আগে রাহুল গান্ধী তার সমর্থকদের মোদির বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি মনে করেন কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, তবে এবার তা হবে না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এর আগে সোমবার দেশটির ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিমুখে একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।





