বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলেও তারা দেশের কোনো সংস্কার বা জনগণের কল্যাণে কাজ করেনি। বরং তারা লুটপাটে ব্যস্ত ছিল। সোমবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ ও ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিল্পকলা একাডেমির বর্তমান বেহাল দশা ও নোংরা পরিবেশের সমালোচনা করে খোকন বলেন, এই অডিটোরিয়ামটি যথাযথ সংস্কার করলে একটি দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশ তৈরি হতো। তিনি আরও বলেন, একটি জাতির উন্নত হওয়া নির্ভর করে সেই দেশের সংস্কৃতি কতটা উন্নত তার ওপর। তাই আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিদেশি সংস্কৃতি পরিহার করে নিজস্ব সংস্কৃতিকে লালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে মোট ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা এবং ৮টি সাংস্কৃতিক সংগঠনকে ৩ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।





