ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। তাদের আহ্বানের পর ২৩ দিন ধরে চলা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত তিন শিক্ষার্থী। তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনো তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষাব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। এই দাবির সমর্থনে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন।
আন্দোলনস্থলে গিয়ে শাবানা আজমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল বাড়ান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, নতুন প্রজন্মের প্রতি তাদের প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সাহসিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি অনশন প্রত্যাহারের আহ্বান জানান।
অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে তিনি সবসময়ই থাকবেন। আন্দোলনস্থলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সরাসরি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়েছে।
শাবানা আজমি ও প্রকাশ রাজের পাশাপাশি সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আহ্বানের পর আন্দোলনরত তিন শিক্ষার্থী তাদের ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, আন্দোলনের দাবিগুলো সংসদে উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনো তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের মূল দাবি হলো, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।





