জাজিরায় ১০ টাকার রসিদের জন্য ২০ হাজার টাকা ঘুষ আদায়, পরে ফেরত

প্রকাশ:

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে ১০ টাকার সরকারি রসিদ দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই আজিজুল হক নামের এক বাসিন্দা জমি বিক্রির প্রয়োজনে খাজনার রসিদ তুলতে গেলে তহসিলদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে এই টাকা দাবি করেন। বাধ্য হয়ে আজিজুল হক বিকাশ নম্বরের মাধ্যমে ওই অর্থ পরিশোধ করেন, যার বিপরীতে তাকে মাত্র ১০ টাকার সরকারি রসিদ দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, অতিরিক্ত টাকা ফেরত চাইলে তহসিলদার ও তার সহযোগীরা তাকে একটি কক্ষে আটকে রেখে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান। একই সঙ্গে জোরপূর্বক একটি ভিডিও রেকর্ড করা হয়, যেখানে তাকে বলতে বাধ্য করা হয় যে কোনো টাকা নেওয়া হয়নি। পরে অফিস থেকে বের হয়ে আজিজুল হক স্থানীয়দের বিষয়টি জানালে উত্তেজিত এলাকাবাসী ভূমি অফিস ঘেরাও করেন। জনরোষের মুখে শেষ পর্যন্ত তহসিলদার লিটন দেওয়ান ২০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি ভূমি সেবার নামে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। সোমবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে গেলে অভিযুক্ত তহসিলদার দ্রুত স্থান ত্যাগ করেন এবং পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। উল্টো সংবাদটি প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমকর্মীকে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি সম্পর্কে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। যদিও এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবুও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট তহসিলদারকে তলব করে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন