ফিফার সূচি নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

প্রকাশ:

১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। তবে এই বড় ফাইনালের ঠিক আগ মুহূর্তে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ ঝেড়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর নিউজার্সিতে পৌঁছানোর পরই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক বিভিন্ন মিডিয়া কার্যক্রম ও অনুশীলনে অংশ নিতে হয়েছে।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, তারা গতকাল রাত ১১টার দিকে নিউজার্সিতে পৌঁছানোর পর থেকেই বিশ্রামের সুযোগ খুঁজছেন। কিন্তু ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের এমন সময়ে অনুশীলন করতে হয়েছে যা মোটেও কাম্য ছিল না। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার চাপে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে নামতে হয়েছে।

টুর্নামেন্টের নকআউট পর্ব থেকেই ঠাসা সূচি ও বিশ্রামের অভাব নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন স্কালোনি। এর আগে মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, টুর্নামেন্ট যত শেষের দিকে গড়ায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজনীয়তা তত বাড়ে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা। মায়ামির প্রচণ্ড গরমে খেলার পরদিন দুপুরে আবার ম্যাচ খেলতে হওয়াকে তিনি আদর্শ পরিস্থিতি মনে করছেন না। তার মতে, বিশ্রামের এই ব্যবধান খুব বেশি না হলেও বিশ্বকাপের শেষ পর্যায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও স্কালোনি জানান, গত ১৫ দিনে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে শারীরিক ধকল কাটিয়ে ওঠাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দলের কয়েকজন খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন। তাদের শারীরিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন কোচ। আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।

শেয়ার করুন