২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে অবসরে স্কটিশ গোলরক্ষক ক্রেইগ গর্ডন

প্রকাশ:

দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টেনে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডন। দীর্ঘ এই পথচলায় তিনি ছয়টি স্কটিশ লিগ, চারটি স্কটিশ কাপ এবং পাঁচটি স্কটিশ লিগ কাপের শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন।

ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে গর্ডন লিখেছেন, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। তার স্বপ্নও সাধারণ শিশুদের মতোই ছিল—নিজের ক্লাব হার্ট অব মিডলোথিয়ান এবং দেশের হয়ে খেলার। গর্ডন মনে করেন, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং বাধা-বিপত্তি অতিক্রম করে ধাপে ধাপে এগোলে স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব। হার্টসের সমর্থক থেকে খেলোয়াড় হয়ে ওঠার যাত্রাটিকেই তিনি তার স্বপ্নের বাস্তব রূপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, আমি কখনোই চাইনি এই যাত্রা শেষ হোক, কিন্তু একসময় তো শেষ হতেই হয়। নিজের স্বপ্ন পূরণ করতে পারায় তিনি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে গুরুতর ইনজুরির কারণে বারবার বাধাগ্রস্ত হলেও হার্টস, সান্ডারল্যান্ড ও সেল্টিকের অপরিহার্য খেলোয়াড় ছিলেন তিনি। ২০০৭ সালে হার্টস ছেড়ে সান্ডারল্যান্ডে যোগ দেওয়ার সময় তিনি ব্রিটিশ গোলরক্ষকদের মধ্যে রেকর্ড ৯ মিলিয়ন পাউন্ডের দলবদল করেছিলেন। ২০০৪ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া গর্ডন জাতীয় দলের জার্সি গায়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ স্কটল্যান্ড দলের সদস্য ছিলেন।

গর্ডনের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল গত মে মাসে কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। ক্লাব পর্যায়ে তিনি সর্বশেষ জানুয়ারিতে সেল্টিকের বিপক্ষে হার্টসের হয়ে মাঠে নেমেছিলেন। এবারের বিশ্বকাপে স্কটল্যান্ড দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সময় নটিংহাম ফরেস্টের গোলরক্ষক অ্যাঙ্গাস গান তিনটি ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন, ফলে গর্ডন মাঠে নামার সুযোগ পাননি।

শেয়ার করুন