মির্জাপুরে নৌকা ভ্রমণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে এসেছিলেন। ভ্রমণ শেষে ফেরার পথে থলপাড়া এলাকায় পৌঁছালে নৌকাটি নদীর ওপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এতে নৌকায় থাকা ছয়জন যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন