বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার শিকার দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত ও কাতার। ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন বিমান লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে তাদের আকাশসীমায় ৩২টি শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান জানিয়েছেন, ড্রোনগুলো প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক এলাকায় পড়ায় কিছু বাড়িঘর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারে হামলার পর শুক্রবার ভোরে বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছিল। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের সশস্ত্র বাহিনী কাতার লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক শিশু আহত হয়েছে। তবে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং হুমকি কেটে গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) বরাতে জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কসংকেত জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন