সিলেটের জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘ জৈন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে এই বিশাল রথযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন।
রথযাত্রা উৎসবে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং মানব সেবার চেতনাই এই মহোৎসবের মূল শিক্ষা। তারা আরও উল্লেখ করেন, ধর্মীয় উৎসব কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দের বন্ধন সুদৃঢ় করে। জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সহনশীলতা, নৈতিকতা ও মানব কল্যাণের বার্তা প্রদান করে। শতাব্দী প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এছাড়া সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও ঐক্য সুসংহত হবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।
উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এবং ওসি (তদন্ত) উসমান গনি।
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত দেব, সহ-সভাপতি নান্টু দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ্যসহ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সহ-সভাপতি জয়বল্লব দাস আপন, সাধারণ সম্পাদক পান্ডব মাদব দাস প্রশান্ত, সহ-সাধারণ সম্পাদক দেবদেব দাস দেবাস, সাংগঠনিক সম্পাদক উরক্রম চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র দে এবং অর্থ সম্পাদক জীবন কৃঞ্চ দাসসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




