বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে খোঁচা দিলেন ইকার ক্যাসিয়াস

প্রকাশ:

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস দাবি করেছেন যে, এবার আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ বিশ্বকাপ জয়ের কোনো সুযোগ নেই। তিনি লিখেছেন, তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন। ২০১০ সালের পর স্পেন এবার তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামছে, অন্যদিকে আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সুযোগ।

কেবল ভবিষ্যদ্বাণীই নয়, সেমিফাইনালে ইংল্যান্ডের কৌশল নিয়েও তীব্র সমালোচনা করেছেন ক্যাসিয়াস। বুধবার দ্বিতীয় সেমিফাইনালের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও, এরপর টমাস টুখেলের দল রক্ষণাত্মক কৌশলে মনোযোগ দেয়। ক্যাসিয়াস মনে করেন, এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার মতে, শেষ ৩০ মিনিটে ইংল্যান্ড স্বেচ্ছায় ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছিল।

ক্যাসিয়াসের সেই সমালোচনার সত্যতা যেন ম্যাচের শেষভাগে ফুটে ওঠে। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমেই লিওনেল স্কালোনির দল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। শিরোপার লড়াই শুরুর আগেই ক্যাসিয়াসের এমন মন্তব্যে দুই দলের ভক্তদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন