সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌরভ হোসেন ও ডা. নাঈম হোসেনসহ অন্যান্য চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসার সুবিধার্থে বিশেষ ডেঙ্গু আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে নিয়মিত ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষার কার্যক্রম শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ডা. মো. আশরাফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা সবচেয়ে জরুরি, তাই সচেতনতামূলক প্রচারণা নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বৃক্ষরোপণ কর্মসূচিটি তারা নিজেরাই শুরু করেছেন এবং হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকে বৃক্ষরোপণে উৎসাহিত করছেন।




