সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

প্রকাশ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে দুই বাংলাদেশি সহোদর নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

নিহতদের বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। ঘটনার সময় তারা রিয়াদ শহর থেকে ব্যবসায়িক মালামাল কিনে জেদ্দায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে দুই ভাই প্রাণ হারান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা আব্দুল মালেক।

দুই ছেলের অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তাদের মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সজীব ও সুজন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছিলেন। নিহতের বাবা আব্দুল মালেক বলেন, আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

পরিবারের সদস্যরা বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মরদেহ দ্রুত দেশে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জরুরি আবেদন জানিয়েছেন। এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বিষয়টি আমাদের জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন