নরসিংদীতে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ:

নরসিংদীর রায়পুরা উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। মৃত চার শিশু হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালের দিকে মাদরাসার বিরতির সময় ছয় ছাত্রী মিলে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানা এবং খালের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় মুহূর্তের মধ্যেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় অন্য দুই শিশু দ্রুত পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চারজনের মৃত্যু হয়। চিকিৎসক জানান, পরীক্ষার সময় তাদের কারো শরীরেই কোনো শ্বাস-প্রশ্বাস বা হার্টবিট পাওয়া যায়নি। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল এবং বাকি তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫: ১৫আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৫: ১৮

শেয়ার করুন