আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: মুখোমুখি লড়াইয়ে ভোজিনিয়া ও মার্তিনেজ

প্রকাশ:

বিশ্বকাপের চলতি আসরে স্পেনকে রুখে দিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণ। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে, যেখানে লিওনেল মেসির আক্রমণভাগকে সামলানোর চ্যালেঞ্জ থাকবে ভোজিনিয়ার সামনে।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে ভোজিনিয়া দুটি ক্লিনশিট রেখেছেন। স্পেনের বিপক্ষে সাতটি সেভ করা এই গোলরক্ষক উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করলেও দল পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয়। এছাড়া সৌদি আরবের বিপক্ষে তিনি তিনটি শট প্রতিহত করেন। সব মিলিয়ে তিন ম্যাচে তার মোট সেভ সংখ্যা ১০টি। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে চমক দেখানো ভোজিনিয়া নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন।

অন্যদিকে, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও রয়েছেন আলোচনার শীর্ষে। গত আসরের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষক গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খুব একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হননি। তিন ম্যাচে দুটি ক্লিনশিট পাওয়া মার্তিনেজ জর্ডানের কাছে একটি গোল হজম করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে তার একটি সেভ থাকলেও আলজেরিয়ার বিপক্ষে তাকে তেমন কোনো শট ঠেকানোর প্রয়োজন পড়েনি।

আর্জেন্টিনার রক্ষণভাগ বেশ শক্তিশালী হওয়ায় প্রতিপক্ষ দলগুলো মার্তিনেজের দিকে খুব বেশি শট নিতে পারেনি। তবে স্পেনের বিপক্ষে ভোজিনিয়ার পারফরম্যান্সের পর আর্জেন্টিনার ধারালো আক্রমণভাগ এখন নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়। সব মিলিয়ে ভোজিনিয়া ও মার্তিনেজের লড়াইটি ফুটবল সমর্থকদের কাছে বেশ চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় হতে যাচ্ছে।

শেয়ার করুন