নওগাঁর পত্নীতলায় ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে হানিট্র্যাপ চক্র চালিয়ে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল রাতে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত চার সদস্য হলেন—পুইয়া গ্রামের মৃত আল হেলালের ছেলে মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সরদার পাড়া গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো. মমিনুর ইসলাম (২২), জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে মোছা. রুমা খাতুন (২০) এবং পোরশা উপজেলার সুতরইল গ্রামের মৃত মামুনুর রশিদের মেয়ে মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সর্দারপাড়ায় বাসা ভাড়া নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কৌশল ছিল ফেসবুক ও ইমোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তোলা এবং পরে তাদের ভাড়া বাসায় ডেকে নেওয়া। সেখানে ভিকটিমদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হতো এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন করে দীর্ঘদিন ধরে একই কৌশলে অপরাধ করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি তরুণদের এ ধরনের হানিট্র্যাপের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।




