ইরানের একটি সামরিক ঘাঁটি ও দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে ৭ জন ইরানি সেনা সদস্য এবং অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে একাধিক মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় ঘাঁটির ব্যারাক, সেন্ট্রি পোস্ট এবং অতিথিশালাকে লক্ষ্যবস্তু করা হয়। এতে ৭ সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সেনাবাহিনীর দাবি, ঘাঁটিতে থাকা ‘প্যাসিভ ডিফেন্স’ বা নিষ্ক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই সীমিত রাখা সম্ভব হয়েছে।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানি সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধৃষ্টতার উপযুক্ত সময়ে এবং কঠোর ভাষায় জবাব দেওয়া হবে।
অন্যদিকে, সামরিক ঘাঁটির পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলেও মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গত কয়েক দিনে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ইরানের দক্ষিণাঞ্চলকে দেশের ‘স্পন্দিত হৃদয়’ হিসেবে বর্ণনা করেন এবং সরকার জনগণের সুরক্ষায় সর্বশক্তি নিয়ে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
তবে এই হামলা ও প্রাণহানির দাবির বিষয়টি কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া, এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





