ফরাসি ফুটবলে দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। টানা ১৪ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশম এবার বিদায় নিচ্ছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই মূলত তার দায়িত্ব ছাড়ার গুঞ্জন জোরালো হয়, যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিই হতে যাচ্ছে দেশমের কোচ হিসেবে শেষ দায়িত্ব।
২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দেশমের অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। ২০২২ সালে তার দল রানার্সআপ হলেও, এবারের আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লে ব্লুদের। দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলের পরবর্তী কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই জিদান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে নেশনস লিগ থেকেই তার নতুন পথচলা শুরু হবে।
জিদানের অধীনে ফ্রান্স দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ ও এনগোলো কান্তের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তরুণদের ওপর আস্থা রাখতে পারেন জিদান। এদুয়ার্দো কামাভিঙ্গা, লেনি ইয়োরো, রায়ান শেরকি ও দেজিরে দুয়ের মতো উদীয়মান ফুটবলাররা নতুন যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন।
তবে দলের মূল চালিকাশক্তি হিসেবে কিলিয়ান এমবাপ্পেই থাকছেন জিদানের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। তাকে ঘিরেই ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপের কৌশল সাজাবেন বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে ফরাসি ফুটবলে জিদান যুগের সূচনা এখন সময়ের ব্যাপার মাত্র।





