১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিফ প্রসিকিউটর: আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

প্রকাশ:

আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আমলের সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে জেলা পর্যায়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। এ কারণেই আমরা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই।

চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ ধরনের গণশুনানি অনুষ্ঠিত হবে। স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সহায়তায় সব রাজনৈতিক দল ও নিপীড়িত সংগঠনের উপস্থিতিতে এই কর্মসূচি পরিচালিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে।

প্রসিকিউশনের পরিকল্পনা অনুযায়ী, গণশুনানি কর্মসূচিটি প্রথমে যশোর জেলা থেকে শুরু করার কথা ছিল। ২৬ নভেম্বর এই শুনানির প্রাথমিক তারিখ নির্ধারিত থাকলেও আগামী ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে উদ্বোধনী তারিখ বা স্থান কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বা আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এই কার্যক্রম পুরোদমে শুরু করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর।

গণশুনানিতে বিভিন্ন ভুক্তভোগী পরিবারের কাছ থেকে গুম, খুন, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে। পূর্বের কোনো ঘটনায় আগে থেকে মামলা থাকলে তার নথি পর্যালোচনা করা হবে, আর মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো অপরাধের প্রমাণ মিললে তা তদন্ত সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ ও বিচারের ব্যবস্থা করা হবে। কোনো ঘটনার মামলা হলে কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে।

বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত অসংখ্য অপরাধের ভুক্তভোগী পরিবার এখনো আতঙ্কে রয়েছে এবং অনেক অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে মো. আমিনুল ইসলাম বলেন, ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতেই এই পদক্ষেপ। এই কর্মসূচির বৈধতা সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনা এবং অভিযোগ দাখিলের পূর্ণ আইনি এখতিয়ার রয়েছে। দেশে যেন আর কখনো মানবতাবিরোধী অপরাধ না ঘটে, সেই বার্তাই দিতে চায় ট্রাইব্যুনাল।

শেয়ার করুন