দেশের বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটের মাধ্যমে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর কেন্দ্রটি থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। সেই সময় প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। তবে রাত ১১টা ৫০ মিনিটে ওই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা ও সংকট বিবেচনায় এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রমে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন ও জেনারেটরের স্থিতিশীলতা এবং কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় বিরতি দিয়ে দ্বিতীয়বার সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে এবং এর সঙ্গে সমন্বয় রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি)। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে।
আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ড. মো. জাহেদুল হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, তখন প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় স্থাপনে এই গ্রিড সংযোগ একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। তবে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের সূচনালগ্ন নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুত ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পুরোদমে চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফলভাবে এগিয়ে যাওয়ায় দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব ধরনের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ধারাবাহিকভাবে উৎপাদন শতভাগে উন্নীত করা হবে।





