দীর্ঘদিন পর ফুটবলের বিশ্বমঞ্চে ফিরছে যুক্তরাজ্য। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো দেশটিতে কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এই যৌথ আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ৩৯ দিনব্যাপী দীর্ঘ আয়োজনে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘অল টুগেদার’ নামে জমা দেওয়া এই যৌথ বিডে মোট ১৯টি স্টেডিয়ামের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ড ও ওয়েলসে দুটি করে এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু থাকছে। এছাড়া ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার নামও অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ২০৩১ সালেই প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। এ জন্য ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।





