৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জুবাইদা রহমান |: সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রবিবার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব, কারণ আমাদের সবার আগে বাংলাদেশ। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, মানুষের জন্যই মানুষ এবং ক্ষমতার চেয়ে জনতা ও দেশই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এ চিকিৎসক বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০৭ জন দুস্থ ব্যক্তি, ১৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী, ২ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪০ জন মা ও শিশুর জীবনমান উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জন সুবিধাভোগীর মাঝে চেক ও নিম গাছের চারা বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি নেতারা।

শেয়ার করুন