১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশ:

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি পরিত্যক্ত গ্রেনেড দেখতে পান এক পথচারী। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত এএসআই পলাশ ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দল গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ে থেকে এই ককটেলগুলো ছোড়া হয়েছিল। দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোতে নাশকতার চেষ্টার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। রাজশাহীর বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হলেও শাহজালাল দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় ফ্লাইট পরিচালনা হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশের সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন।

বেবিচক সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি একটি গোষ্ঠী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শাহজালালসহ সব বিমানবন্দর এবং এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের পর তৃতীয় টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরু হয়নি। সরকার ১৬ ডিসেম্বর এটি আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনার চুক্তি এবং ট্রায়ালের প্রস্তুতির এই সময়ে নিরাপত্তা নিয়ে এমন ঘটনা বিদেশি অংশীদার ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও-এর অডিটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেটিং কমলে বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে, যা প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হবে। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। কিন্তু নিরাপত্তা শঙ্কাজনিত এই পরিস্থিতিতে থার্ড টার্মিনাল উদ্বোধনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না সেটিও এখন আলোচনায়। সংস্থাটির এই অডিটে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। নির্ধারণ করার পরেও কিন্তু একটা যোগসূত্র প্রয়োজন আছে। যেটি সরাসরি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করবে।

বিমানবন্দরের নিরাপত্তা কার নিয়ন্ত্রণে—এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, ভেতরের নিরাপত্তার দায়িত্বে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকায় পুলিশ এবং প্রবেশপথে এপিবিএন কাজ করায় তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা থেকে যাচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম মনে করেন, বিমানবন্দর সরকারের একটি অত্যন্ত সংবেদনশীল কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) স্থাপনা। তিনি বলেন, দুষ্কৃতিকারীদের কাছে বিমানবন্দর একটি আকর্ষণীয় লক্ষ্যবস্তু, তাই নিরাপত্তার এই গ্যাপগুলো দ্রুত চিহ্নিত করে সুরাহা করতে হবে। এপিবিএন এবং এভিয়েশন সিকিউরিটির দায়বদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করে সমন্বিত সিকিউরিটি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। তাই আমার মনে হয় বিমানবন্দরগুলোতে একটু অধিকতর সিকিউরিটি জোরদার করতে হবে।

নিরাপত্তা সমন্বয়হীনতার অভিযোগ প্রসঙ্গে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় উচ্চ সতর্কাবস্থা বজায় রাখা হচ্ছে। তিনি দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সভায় এপিবিএন এবং এভিয়েশন সিকিউরিটির কাজের ক্ষেত্র পরিষ্কারভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তার মতে, এপিবিএন ল্যান্ড সাইডের নিরাপত্তা দেখবে এবং বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে সিভিল এভিয়েশন। তিনি আরও জানান, আইকাও অডিট চলাকালে যে নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়েছিল, তা চলমান পরিস্থিতিতেও কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন