ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায় তেল পাচার ও এর সঙ্গে সংশ্লিষ্ট কারসাজিতে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তদন্তের ফলাফল সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। এতে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছে তারা।
ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) বরাতে সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, এই এলাকায় তেল পাচারের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী একটি জরুরি নিরাপত্তা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। তদন্তে জুরফ আল-নাসর এলাকায় অবৈধ তেল শোধনাগার এবং তেলের পাইপলাইনে বেআইনি সংযোগ স্থাপনের অকাট্য প্রমাণ পাওয়া গেছে, যা পরবর্তীতে কমিটির প্রতিবেদনে উঠে আসে। বাগদাদ থেকে আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ জানান, তেল পাচারের এই নেটওয়ার্ক নিয়ে আগের ইরাকি সরকারগুলো সতর্ক অবস্থান নিয়েছিল। তবে প্রতিবেদনে গোষ্ঠীটির নাম উল্লেখ করা হয়নি। সাবাহ আল-নুমান জানিয়েছেন, তদন্ত কমিটি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের তালিকায় বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার, বাবিল প্রদেশের পুলিশপ্রধান এবং তেল মন্ত্রণালয়ের অধীনস্থ অয়েল পাইপলাইন কোম্পানির পরিচালক অন্তর্ভুক্ত রয়েছেন।
কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে তেল পাচারের বিষয়টি নতুন কিছু নয়। সরকারি গোয়েন্দা নথিতে স্যাটেলাইট চিত্রসহ তেল পাচারের এই নেটওয়ার্কের তথ্য ফাঁস হয়েছে। অভিযোগ রয়েছে, এই চোরাচালান কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে প্রায় তিন কোটি মার্কিন ডলার সমমূল্যের তেল কালোবাজারে বিক্রি করা হতো। বাগদাদের দক্ষিণে দেশের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমেই এই তেল চুরি করা হতো বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী আল-জাইদি স্পষ্ট করেছেন যে, ইরাকের এক ইঞ্চি জমিও তেল পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তার এই পদক্ষেপকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে, এর পেছনে কৌশলগত কারণও রয়েছে।
আটলান্টিক কাউন্সিলের ইরাক ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো আকিল আব্বাস আলজাজিরাকে জানান, বর্তমান প্রধানমন্ত্রী কৌশলে এটিকে দুর্নীতিবিরোধী অভিযানের মোড়কে সামনে এনেছেন। মূলত, সরকারের নিরস্ত্রীকরণ উদ্যোগের প্রবল বিরোধিতা করে আসা প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর আর্থিক জোগান বন্ধ করাই এই অভিযানের মূল লক্ষ্য।
ইরাকের সবচেয়ে ভারী অস্ত্রসজ্জিত গোষ্ঠীগুলোর একটি হলো ইরানপন্থি আধাসামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আল-জাইদির নেওয়া নীতি ও সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে এই গোষ্ঠী।
সরকারের পক্ষ থেকে নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে সংকল্প করা হয়েছে, এটি তারই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি উদ্যোগের ফলে এতদিন রাষ্ট্রে সমান্তরাল ব্যবস্থার মতো পরিচালিত হওয়া ওই অঞ্চলের চোরাচালান চক্র এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে। এর আগে ইরাকের জ্যেষ্ঠ রাজনীতিকেরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, নিরস্ত্রীকরণে রাজি নয়—এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী আল-জাইদি বারবার নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন। পিটার স্মিথ বলেন, ‘এত দিন এলাকাটি কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছিল। তবে পরিস্থিতি বদলেছে বলে মনে হচ্ছে।





