ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্স এবং থমাস ডুলির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। তবে কোচ ডুলি কাউকে এককভাবে দায়ী না করে বরং ঘরের মাঠের চাপ, তরুণ খেলোয়াড়দের অনভিজ্ঞতা, প্রস্তুতির ঘাটতি ও শারীরিক ক্লান্তিকেই মূল ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ডুলি বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তানের চাপ সামলাতে গিয়ে বারবার বল হারিয়েছে দল।
ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক শ্রাবণের বড় ভুলে গোল হজম করে বাংলাদেশ। এ নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, আমি এখনও তার সঙ্গে কথা বলিনি। তবে খেলোয়াড়রা রোবট নয়, ঘরের মাঠের বাড়তি চাপ তাদের ওপর কাজ করে। গোলরক্ষক দলের শেষ প্রহরী হিসেবে ভুল করলে পুরো দলই চাপে পড়ে, তাই একজনের ওপর দায় চাপানো ঠিক নয়। তিনি জানান, গোল খাওয়ার পর খেলোয়াড়রা পুরোপুরি ভেঙে পড়েছিল, অনেকে মাঠে কান্নাও করেছেন। তিনি বলেন, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য জিততে চান, সাফের ফাইনালে ওঠার এত বড় সুযোগ সামনে থাকে—ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করা বড় ধাক্কা। তবে কোনো একজনকে দায়ী করতে চাননি বাংলাদেশ কোচ। দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেললেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়। ডুলির মতে, পাকিস্তান শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশের খেলোয়াড়রা তাদের শরীরী ভাষা দেখে বুঝে যাচ্ছিল কী হতে চলেছে। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশের চেয়ে পাঁচ দিন বেশি বিশ্রাম পেয়েছে, যা তাদের শারীরিক সক্ষমতায় বড় পার্থক্য তৈরি করেছে। অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরায় বোঝা গেছে, তারা উচ্চমাত্রার এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। পাকিস্তানের গতি এবং ফিটনেস বাংলাদেশের চেয়ে বেশি ছিল বলেও স্বীকার করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দল যে ফুটবল খেলেছে, তাতেই দলের প্রকৃত সামর্থ্যের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ডুলি। তবে পাকিস্তানের ফুটবলীয় বোঝাপড়া এবং খেলার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা শ্রীলঙ্কার চেয়ে উন্নত হওয়ায় বাংলাদেশ কোণঠাসা হয়ে পড়েছিল। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়ন রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন খেলোয়াড়দের চিন্তাভাবনার পরিবর্তন, নিয়মিত অনুশীলন এবং পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ, যা বর্তমানে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ।
সংবাদ সম্মেলনের শেষ দিকে কোচ জানান, রেফারির সিদ্ধান্তে কিছু অসন্তোষ থাকলেও তিনি সেটিকে হারের প্রধান কারণ মানতে নারাজ। তবে দুই দলের প্রতি রেফারির আচরণ সমান হওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ও দলের মানোন্নয়নই এখন তার প্রধান লক্ষ্য। শেষ মুহূর্তে গোল হজম করার পর তরুণ দলের পক্ষে পরিস্থিতি সামলে ওঠা সত্যিই কঠিন ছিল, যা তাদের সামর্থ্যের অভাব নয় বরং অনভিজ্ঞতারই বহিঃপ্রকাশ।





