জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রশমনে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।
শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানির সংকট একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এ সংকট উত্তরণে কার্যকরী অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ জরুরি। একই সঙ্গে তিনি বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার বায়ুদূষণ রোধে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
জবাবে ইইউ প্রতিনিধি ডায়না অ্যাকোনিয়া প্যারিস চুক্তি ও জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) বাস্তবায়নে ইউরোপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পর এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য পূরণে কাজ চলছে। এছাড়াও ২০২৮ থেকে ২০৩৪ সালের বাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় ৫০ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে ইইউর।
বৈঠকে জানানো হয়, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সহায়তায় পরিচালিত পরামর্শক কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এই প্রক্রিয়ায় অভিযোজন খাতের বিনিয়োগযোগ্য প্রকল্প প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে। ইইউ প্রতিনিধি উল্লেখ করেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং রেল যোগাযোগ খাতের বিদ্যুতায়নে সহযোগিতা চলমান রয়েছে। এছাড়া উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ব্রাসেলসের সংশ্লিষ্ট মহলে তুলে ধরা এবং ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।
উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, পরিচ্ছন্ন পরিবহন ও দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে। ঢাকার ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত আলোচনার মাধ্যমে এই সহযোগিতার অগ্রগতি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইইউর জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।





