ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় আইনি প্রস্তুতি শেষ করেছে সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতিকে করা প্রতিশ্রুতি অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচারের পথেই এগিয়ে চলছে বর্তমান সরকার।
শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তিনি আরও স্পষ্ট করেন যে, এক্সট্র্যাডিশন বা প্রত্যার্পণ চুক্তির আওতায় যখন তাকে ফিরিয়ে আনা হবে, তখন সেটি একটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই গণ্য হবে। বিশেষ আইনে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’।
আইনমন্ত্রী জানান, ১৯৭৩ সালে তৎকালীন সরকার যে সংবিধান সংশোধনী এনেছিল, তার ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না। শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে আসবেন বলে তিনি মন্তব্য করেন। এটি মূলত তাদেরই করা আইন, যা বর্তমানে বলবৎ আছে বলে তিনি জানান।
দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকার স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশনের কাজে কোনো হস্তক্ষেপ করে না। তদন্তকারীরা যখনই প্রয়োজন মনে করবেন, আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সরকার তাদের কার্যক্রমের স্বাধীনতাকে সম্মান জানিয়েই বিচারিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।





