১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে ৩য় টার্মিনাল, দিনে চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী

প্রকাশ:

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপে এই টার্মিনাল থেকে দৈনিক দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনা করা হবে। সময়মতো প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করা গেলে নির্দিষ্ট দিন থেকেই ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও উদ্বোধনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আয়োজিত এক সভায় মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, এই টার্মিনাল সচল করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যেই এর কার্যক্রম আরম্ভ করতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে, ফলে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অর্পিত দায়িত্ব সময়মতো পালন করার তাগিদ দেন তিনি।

প্রস্তুতিমূলক এই বৈঠকে টার্মিনাল চালুর পূর্বে করণীয় বিষয়াদি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এতে ইমিগ্রেশন বুথ সচল করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে ওঠানামা করানো এবং অত্যাবশ্যকীয় চুক্তি সম্পাদনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। উপস্থিত প্রতিনিধিরা কাজের সামগ্রিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন।

দীর্ঘ প্রচেষ্টার পর টার্মিনালটি এখন সচলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী বাকি প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিক অভিষেকের পর টার্মিনালটি পুরোপুরি চালু করার পূর্ণাঙ্গ প্রস্তুতিও সমান্তরালভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সকল পক্ষকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন