২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হতে চলেছেন মরিসিও পচেত্তিনো

প্রকাশ:

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পরিবর্তনের হাওয়া বইছে। মাইকেল ক্যারিকের জায়গায় নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দেয়ার বিষয়ে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিতে দেখা যেতে পারে টটেনহ্যাম ও চেলসির সাবেক এই কোচকে। স্কাই স্পোর্টসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। চেলসির দায়িত্ব ছাড়ার দুই বছর পর আবারও ইংলিশ ফুটবলে ফিরতে প্রস্তুত তিনি। নতুন ক্লাবে শুরুতে তার মানিয়ে নিতে সময় লাগেÑএমন বিশ্লেষণও উঠে এসেছে স্কাই স্পোর্টসের আলোচনায়।

বর্তমানে ৫৪ বছর বয়সী পচেত্তিনো যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। ২০২৬ বিশ্বকাপের পর নতুন চুক্তি করলেও তার বর্তমান চুক্তিতে ৭০ লাখ পাউন্ডের একটি রিলিজ ক্লজ রয়েছে। এই অর্থ পরিশোধের বিষয়টিসহ পুরো প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) সঙ্গে আলোচনা জোরদার করার পরিকল্পনা করছে ইউনাইটেড। এছাড়া তার সহকারী কোচ ও অন্যান্য স্টাফদের নিয়োগ নিয়েও আলোচনার প্রয়োজন রয়েছে। তবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি।

বর্তমানে দায়িত্ব পালন করা মাইকেল ক্যারিক এখনো আনুষ্ঠানিকভাবে কোচের পদে বহাল আছেন এবং বুধবারও দলকে অনুশীলন করিয়েছেন। তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই তার বিদায়ের সম্ভাবনা প্রবল। মূলত গত মাসে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর থেকেই তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। গত বুধবার মোনাকোয় ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স এবং সহমালিক স্যার জিম র‍্যাটক্লিফের উচ্চপর্যায়ের বৈঠকে দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও নতুন কোচ নিয়োগ নিয়ে আলোচনা হয়। বুধবার মোনাকোয় ক্লাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বৈঠকের পর সেই অনিশ্চয়তা আরও বেড়েছে।

ইউনাইটেডের পচেত্তিনোকে পাওয়ার আগ্রহ দীর্ঘদিনের। এর আগেও অন্তত তিনবার তাকে ওল্ড ট্রাফোর্ডে আনার চেষ্টা করা হয়েছে। ২০২২ সালে সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত এরিক টেন হাগকে বেছে নিয়েছিল ক্লাবটি। এমনকি কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও তার প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল। ২০১৬ সালে লন্ডনের মেফেয়ার এলাকায় তাদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন ছড়ায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের দায়িত্ব উপভোগ করলেও ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দেয়া পচেত্তিনোর জন্য কঠিন বলেই মনে করা হচ্ছে।

চলমান আন্তর্জাতিক বিরতিতে হাইতির বিপক্ষে যুক্তরাষ্ট্র দলের দুটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন পচেত্তিনো। এরপরই তার রেড ডেভিল শিবিরে যোগ দেয়ার পথ পরিষ্কার হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে ফার্গুসনের অবসরের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অষ্টম স্থায়ী কোচ হবেন পচেত্তিনো। দায়িত্ব বুঝে পাওয়ার পর তার সামনে প্রথম বড় পরীক্ষা হতে পারে আগামী ২২শে নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচ। তবে নিয়োগ পেলেই রাতারাতি দলের চেহারা বদলে যাওয়ার নিশ্চয়তা নেই বলেই বিশ্লেষকরা মনে করছেন। টটেনহ্যামের দায়িত্বে থাকার সময় ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হতো।

শেয়ার করুন