যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সামরিক উত্তেজনার পারদ চড়ার মধ্যেই নিজেদের নতুন সামরিক সক্ষমতা প্রদর্শনে একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) এই স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ ধরেই ইরানের উচ্চপদস্থ নেতারা বিশ্বকে চমকে দেওয়ার মতো সামরিক সক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত দিয়ে আসছিলেন, এই নতুন কেন্দ্রটি সেই প্রতিশ্রুতিরই অংশ। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত ভিডিও ফুটেজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং উন্নত উৎক্ষেপণ যান বা লঞ্চারের উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর যুদ্ধকালীন প্রস্তুতি ও অভিযান পরিচালনার সক্ষমতা পর্যবেক্ষণ করেন। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে দিয়ে বলেছেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেওয়ার মতো সক্ষমতা রাখে এবং ইরানের সামরিক শক্তির প্রমাণ দেবে। এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন যে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন ভূগর্ভস্থ স্থাপনা ও নানা সামরিক প্রযুক্তি জনগণের সামনে আনা হবে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।
মোহেব্বি জানান, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থাকে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে সরিয়ে সম্পূর্ণ ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তরিত করেছে। ইরানের বিশাল ভূখণ্ড এবং নিজস্ব প্রযুক্তিগত উৎকর্ষের ফলে তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।
সংবাদ সম্মেলনে অ্যারোস্পেস ফোর্সের মুখপাত্র জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি প্রধান সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ইরান এখন আর অস্ত্রের আমদানিকারক নয়, বরং স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে, যা বিশ্বজুড়ে আলোচিত। একই সঙ্গে ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি হচ্ছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সময় আইআরজিসি অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমানসহ এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো আধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশি যন্ত্রাংশ বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভর না করেই ইরান এখন বিশ্বমানের প্রযুক্তিকাঠামো গড়ে তুলেছে।
ইরানের সামরিক সক্ষমতার বিশেষ দিক হিসেবে তুলে ধরা হয়েছে স্টিলেথ বা রাডার-অদৃশ্য প্রযুক্তি। রাডার ক্রস-সেকশন কমিয়ে এসব অস্ত্র আমেরিকার ‘থাড’ বা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে শত্রুর মূল সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলার পূর্ণ প্রস্তুতিও রাখা হয়েছে।
মোহেব্বি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি নতুন কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া গোপন প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মিসাইল সিটি উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করেছে।





