বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক প্রজ্ঞাপনে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই অভিজ্ঞ কূটনীতিক দিল্লি ও ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে স্থায়ী মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়ামকে নতুন দায়িত্ব দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে। এদিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে বিদায় জানানো হয়।





