বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১ হাজার ১১৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদগুলোতে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে নার্সিং বিভাগে। এর মধ্যে জেনারেল নার্স পদে ৪০০ জন, স্পেশালাইজড নার্স পদে ২০০ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন প্রার্থী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার বা স্পেশালিস্ট, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব এবং চিফ সিকিউরিটি অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে লোকবল নেওয়া হবে।
তালিকায় থাকা অন্যান্য পদের মধ্যে রয়েছে হেড অব নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট ও বিভিন্ন ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট। পাশাপাশি ওটি, ল্যাব, ইসিজি ও হেমোডায়ালাইসিস টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট কারিগরি পদেও নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া প্রকৌশল, আইটি, প্রশাসন ও হিসাবরক্ষণ বিভাগে ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, হেড অব আইটি, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, স্টোর অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, বয়লার অপারেটর ও প্লাম্বার হিসেবে কাজের সুযোগ থাকছে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর ২০২৬। তবে আবেদন ফি পরিশোধের সময়সীমা এর আগেই শেষ হবে; অর্থাৎ ব্যাংকে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি ভিন্ন। তাই আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে বিএমইউর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য, পদভিত্তিক যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।





