প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিজনির বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন সিনেমা মোয়ানা

প্রকাশ:

বিশ্বজুড়ে সব শ্রেণির দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা। বিশেষ করে ২০১৬ সালের মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার রেশ ধরে এবার চলতি সপ্তাহে হলিউডের পর্দায় আসছে সিনেমাটির লাইভ-অ্যাকশন সংস্করণ। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যার প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বুকিংয়ের দারুণ সাড়ায়।

বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ডিজনির এই বিগ-বাজেট প্রজেক্টটি মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ১৬শ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। এর মধ্যে আমেরিকার বাজার থেকে ৬ কোটি ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে বাকি ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারগুলোতে সিনেমাটি ভালো সাড়া ফেলবে বলে নির্মাতারা আশা করছেন।

লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’র নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। এছাড়া জনপ্রিয় চরিত্র মাউই হিসেবে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াইকে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। উন্নত ভিজ্যুয়াল, চেনা গান এবং আবেগঘন গল্পের সংমিশ্রণে তৈরি ছবিটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত মূল অ্যানিমেশন সিনেমাটি বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল এবং পরবর্তী সময়ে ডিজনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মেও রেকর্ড ভিউ পায়। এছাড়া এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের গণ্ডি পার করে ইতিহাস গড়েছে। এখন নস্টালজিয়াকে পুঁজি করে নতুন এই লাইভ-অ্যাকশন সিনেমাটি দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই দেখার অপেক্ষা।

আর এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ তো বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ে ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) গণ্ডি পার করে।

শেয়ার করুন