বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সংগঠনটি ছাড়ার মুহূর্তে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী।
মু’তাসিম বিল্লাহ শাহেদী জানান, মঙ্গলবার সংগঠনের ষান্মাসিক কর্মসূচি উপলক্ষে একটি বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। এই বৈঠকের অংশ হিসেবে সাংগঠনিক নিয়ম মেনে সাদিক কায়েমসহ মোট ৯ জন দায়িত্বশীলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। তিনি আরও বলেন, এটি ছাত্রশিবিরের একটি নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া। সাধারণত ছাত্রত্ব শেষ হওয়ার পাশাপাশি সাংগঠনিক দায়িত্বের মেয়াদ পূর্ণ হলে প্রতি ছয় মাস অন্তর দায়িত্বশীলদের বিদায় দেওয়া হয়।
বিদায় নেওয়া অন্য নেতাদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এদিকে সংগঠন থেকে বিদায়ের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”




