২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার ব্যবহার অনুসন্ধানে বিএসইসি

প্রকাশ:

শেয়ারবাজারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বোডের দুই কোম্পানি—কৃষিবিদ সিড ও ওয়েব কোটস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে তোলা ১৭ কোটি টাকার প্রকৃত ব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গত ২ নভেম্বর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

কমিশনের জারি করা আদেশ অনুযায়ী, কৃষিবিদ সিডের তহবিল ব্যবহারের প্রক্রিয়া অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন বিএসইসির উপপরিচালক মওদুদ মোমেন এবং সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন। অন্যদিকে ওয়েব কোটসের কিউআইও অর্থ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে বিএসইসির যৌথ পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজাকে।

তদন্ত কমিটিগুলোকে কিউআইওর মাধ্যমে সংগৃহীত তহবিল নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই কোম্পানির দাখিল করা আর্থিক বিবরণী পর্যালোচনা করে যেসব প্রকল্প, সম্পদ বা ব্যবসা কার্যক্রমে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে, তা সরেজমিনে যাচাই করার নির্দেশ দিয়েছে বিএসইসি। পাশাপাশি এই অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার পাশাপাশি কোম্পানি দুটির ব্যাংক হিসাবের বিস্তারিত লেনদেনের তথ্য পরীক্ষা করা হবে।

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়, তহবিল ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম ও কারচুপি পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের ভূমিকা স্পষ্টভাবে শনাক্ত করতে হবে। একই সঙ্গে সিকিউরিটিজ আইন, বিধিবিধান বা নিয়ন্ত্রক সংস্থার কোনো নির্দেশনার ব্যত্যয় ঘটেছে কি না এবং এর পেছনে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব কিংবা নিরীক্ষকের কোনো ধরনের অবহেলা বা দায় রয়েছে কি না, তা-ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন