বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ৭

প্রকাশ:

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাতে জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সোমবার (১৩ জুলাই) ভোরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে জীবিত উদ্ধার হতে সক্ষম হন। তবে সে সময় পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন